রাজনৈতিক অস্থিরতার সুযোগে মহাখালী-বনানীতে চাঁদাবাজি করতেন জসিম
- আপডেট সময় : ০৩:২৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ৭২৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক,
রাজধানীর মহাখালী টিবি গেট এলাকায় প্রকাশ্যে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে একটি ফার্মেসি থেকে ১০ হাজার টাকা চাঁদা আদায়ের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ঘটনার ভিডিওর সূত্র ধরে র্যাব-১ অভিযান চালিয়ে ঘটনার প্রধান আসামি মো. জসিম উদ্দিনকে (৩৯) গ্রেফতার করেছে।
র্যাব জানায়, গ্রেফতার জসিম উদ্দিন একজন পানি ব্যবসায়ী হলেও জুলাই অভ্যূত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে রাজধানীর মহাখালী-বনানীতে চাঁদাবাজি করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক হত্যা, ডাকাতি ও মারামারি ঘটনায় মামলা রয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে উত্তরা র্যাব-১ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাহিনীর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

তিনি বলেন, গত ১৮ আগস্ট সকাল ১০টার দিকে মহাখালীর টিবি গেট এলাকার চাঁদপুর ড্রাগ হাউজ নামের একটি ফার্মেসিতে ঢুকে কালো গেঞ্জি পরা এক ব্যক্তি অস্ত্র উঁচিয়ে দোকানের বিক্রেতাদের ভয় দেখিয়ে ১০ হাজার টাকা আদায় করে। এ সময় দোকানে উপস্থিত ছিলেন তিনজন বিক্রেতা ও কয়েকজন ক্রেতা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। পরবর্তীতে র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চাঁদাবাজকে শনাক্ত করে। অভিযুক্ত ব্যক্তি টিবি গেট এলাকার পানি ব্যবসায়ী মো. জসিম উদ্দিন বলে নিশ্চিত হয় র্যাব।
পরে ২২ আগস্ট বনানী থানায় একটি মামলা দায়ের হয় এবং একইদিনে গাজীপুরের পূবাইল থানাধীন বাদন এলাকা থেকে র্যাব-১ এর একটি দল অভিযান চালিয়ে রাতে তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম ঘটনার সত্যতা স্বীকার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবে গ্রেফতার জসিম র্যাবকে জানায়, আগেও ওই ফার্মেসি থেকে চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে অপর এক অস্ত্রধারী সহযোগীর সঙ্গে পরিকল্পনা করে চাঁদাবাজির এই ঘটনা ঘটায়। পরিকল্পনা অনুযায়ী তারা ঘটনার আগের রাতেই ওই এলাকায় অবস্থান করে এবং সকালে মোটরসাইকেলে এসে অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায় করে পালিয়ে যায়।
জসিম আরও দাবি করেন, তিনি পানি ব্যবসায়ী হলেও জুলাই মাসের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে মহাখালী ও বনানী এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন।
র্যাবের অভিযানে ঘটনার সঙ্গে জড়িত মোটরসাইকেলটি মহাখালী দক্ষিণ পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে অস্ত্রধারী অপর আসামি এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের অভিযান চলছে বলেও জানিয়েছেন লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি আরও বলেন, গ্রেফতার জসিমের বিরুদ্ধে একাধিক হত্যা, ডাকাতি ও মারামারির মামলা রয়েছে। তার কোনো রাজনৈতিক দলে পদ বা পরিচয় নেই। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জসিম উদ্দিনকে বনানী থানায় হস্তান্তর করা হবে।










