নতুন বইয়ের ঘ্রাণে মাতলো নারিকেলবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
- আপডেট সময় : ১১:১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৯২৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক,
সকালের নরম আলোয় বিদ্যালয় প্রাঙ্গণের চারপাশে ছড়িয়ে পড়ে নতুন বইয়ের মিষ্টি ঘ্রাণ। একে একে ছুটে আসে শিক্ষার্থীরা—চোখে কৌতূহল, মুখে হাসি। বছরের প্রথম দিনে বই বিতরণের মধ্য দিয়ে জ্ঞানের পথে নতুন যাত্রায় শামিল হয় তারা, আর উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে পুরো নারিকেলবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বর।

বৃহস্পতিবার (০১জানুয়ারি) যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ঘুরে বই বিতরণের এমন চিত্র দেখা গেছে। বিদ্যালয়টির সদ্ব্যবিদায়ী প্রধান শিক্ষক মো.এমদাদ হোসেন-এর উদ্বোধনী কার্যক্রমের মধ্যে দিয়ে শুরু হয় বই বিতরণ কার্যক্রম। পরে নারিকেলবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অপূর্ব কুমার ঘোষসহ অন্যান্য শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ শুরু করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে অপূর্ব কুমার ঘোষ বলেন, নতুন বছরের শুরুতে তোমাদের হাতে যে নতুন বই তুলে দেওয়া হলো, এগুলো শুধু কাগজের পাতা নয়—এগুলো জ্ঞান, স্বপ্ন আর ভবিষ্যৎ গড়ার হাতিয়ার। এই বইগুলোর প্রতি যত্ন নেবে, মনোযোগ দিয়ে পড়বে এবং শিখে নিজেকে আলোকিত করবে। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও সততার মাধ্যমে তোমরাই একদিন পরিবার, সমাজ ও দেশের গর্ব হয়ে উঠবে। নতুন বছরে তোমাদের সকলের জন্য রইল শুভকামনা—সফল ও সুন্দর হোক তোমাদের শিক্ষা-যাত্রা।

সরেজমিনে বিদ্যালয় প্রাঙ্গন ঘুরে দেখা গেছে, সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়ে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে নতুন বই গ্রহণ করে। বইয়ের নতুন পাতার ঘ্রাণে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। শিক্ষক ও অভিভাবকরাও শিক্ষার্থীদের সঙ্গে এই আনন্দে অংশ নেন।
শিক্ষকরা জানান, বছরের শুরুতেই বই পাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়বে। নতুন স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষ শুরু করায় এই আয়োজন তাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এছাড়াও বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসা:কোহিনুর আক্তার, সিনিয়র শিক্ষক মাওলানা ইলিয়াস শাহ, বায়েজিদ বোস্তামী, রিপন কুমার সাহা, নাসরিন সুলতানা, মো. ইমরুল হোসেন, অশোক রায়সহ অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।










